ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে স্বতন্ত্র জোট থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুলতানা জেসমিন জুঁই। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো এক পত্রের মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জুঁই রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজ হাওলাদারের কন্যা।
স্বতন্ত্র জোটের মনোনয়ন প্রক্রিয়ায় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
মনোনয়ন ঘোষণার পর তার নিজ এলাকা পিরোজপুর-১ আসনে আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে নিজের প্রতিক্রিয়ায় সুলতানা জেসমিন জুঁই সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার ভালোবাসা ও দোয়ায় তিনি এই জায়গায় পৌঁছেছেন এবং শিগগিরই সবার সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করবেন।
কী-ওয়ার্ডঃসংরক্ষিত নারী আসন,সুলতানা জেসমিন জুঁই,স্বতন্ত্র জোট