ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দলীয় আসন সংখ্যার অনুপাতে জোটটি মোট ১৩টি সংরক্ষিত আসনে প্রার্থী দিয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ৮ জন। তারা হলেন-নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
অন্যদিকে জোটের শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে মনোনয়ন পেয়েছেন ৫ জন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিস এর নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহিদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম রয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনে জয় লাভ করে। সংসদীয় বিধান অনুযায়ী, ওই আসনের ভিত্তিতে তারা সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পেয়েছে। অপরদিকে মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছে ৩৬টি আসন।
কী-ওয়ার্ডস: সংরক্ষিত নারী আসন,১১ দলীয় জোট,জামায়াত রাজনীতি