বিগত সরকারের সময় ব্যাপক অর্থপাচারের অভিযোগ তুলে সেই অর্থ দেশে ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যবহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার করে তা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে বিতরণ করা হবে।
সোমবার (২০ এপ্রিল) বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন বগুড়ার গাবতলীর বাগবাড়ি এলাকায় ৯১১ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মায়েরা এগিয়ে না এলে দেশ এগোবে না। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই আরও ২৩টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী পাঁচ বছরে দেশের প্রায় ৪ কোটি পরিবারের মধ্যে অধিকাংশকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
হামের প্রাদুর্ভাব নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে টিকা সংগ্রহে গাফিলতির কারণে শিশুদের প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়বদ্ধতার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ উপস্থিত নেতাকর্মীরা।