চাঁপাইনবাবগঞ্জে আমদানীকৃত পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ৬ হাজার বোতল ভারতীয় মাদক সিরাপ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-১৯ ১৯:৪৩:৪৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে আমদানীকৃত পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকে তল্লাশী করে পাথরের মধ্যে লুকানো ৫ হাজার ৯৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। ২০টি বস্তায় ভরা সিরাপের ওই চালানের মধ্যে রয়েছে ৩ হাজার ৮৯৭ বোতল এস্কাফ ডিএক্স এবং ২হাজার ৩৮ বোতল ফেয়ারডিল সিরাপ। তবে এ ঘটনায় ভারতীয় ট্রাক চালক বা সংশ্লিস্ট কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, গত শনিবার(১৮ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫/২ এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেমের ভেতরে শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় (বন্দরের পাথর ডাম্পিং ইয়ার্ড এলাকা) অভিযান চালায়। এ সময় ওই স্থানে স্থাপিত একটি বেসরকারি ওজন স্কেলের (পণ্যসহ ট্রাক ওজনের ওয়েব্রিজ) নিকট পার্কিং করে রাখা  একটি ভারতীয় ট্রাকে তল্লাশী করা হয়।  তল্লাশীতে ত্রিপল ঢাকা পাথরের মধ্যে  ২০টি বস্তায় রক্ষিত ৫,৯৩৫ বোতল সিরাপ পাওয়া গেলে ওই সিরাপ ও মাদকদ্রব্য বহনের দায়ে বিজিবি ট্রাকটি জব্দ করে।
রোববার(১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলম কিবরিয়া বলেন, এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান। অধিনায়ক আরও বলেন, ওই পাথরের আমদানীকারক মো. টুটুলে নামে একজন আমদানীকারকের মালিকানাধীন প্রীতম এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ এজেন্ট আলম এন্ড সন্স। সামপ্রতিককালে   ব্যাটালিয়নের  আওতাধীন সীমান্তে আটক  মাদক চালানটি বৃহত্তম বলেও জানান অধিনায়ক। ৫৯ বিজিবি গত ৩ মাসে ১০ হাজার ৫৩৫ বোতল ফেনসিডিলের বিকল্প  কয়েক প্রকার ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে। সীমান্তে বিজিবির চোরচালান বিরোধি অবস্থান বজায় থাকবে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।