বৃষ্টি হচ্ছে আজ---
জলের প্রতিবিম্ব ভেজা রাজপথ
কবিতার পাতা জুড়ে
তোমার আনাগোনা
ভুলিয়ে দেয় ব্যস্ততার উত্তাপ।
তোমার বৃষ্টি ভেজা
সজল চাহনি
বুকের মলাটে জড়িয়ে রেখেছি
পরম যতনে
লেবুর সুগন্ধ ভরা কথার মালা
আজও ভেসে যায় শ্রাবণ মনে।
অহমের ধাতুতে হৃদয় তোমার
এখনো কি ফিরিয়ে রেখেছে তোমায়?
জলের প্রপাতে কি করে ভাসালে
স্বপ্নের ডিঙা কোন অজানায়?
যে গাছটার নীচে বসে
বৃষ্টি উপভোগে মগ্ন হতাম
আজ সেও নুয়ে পড়েছে
অজানা ব্যথার অব্যক্ততায়।
কি করছো কোথায় আছো
জানতেও দিলেনা -- হায় অভিমান!
সুখ কি তোমার আঙিনা ছুঁয়ে
ধ্রুপদী নাচে ভরা পদ্মায়
কেউ কি আছে তোমার অপেক্ষায়
এই বর্ষায়, বেলা-অবেলায়?
রিমঝিম তালে অঝোর বর্ষণে
তোমার শহরে নামে কি আর
শিরিষ তমালের সোঁদা গন্ধের
ভালবাসার ঝড়
আমার স্মৃতির উষ্ণতা
আজো কি তোমায় করে উন্মন
বৃষ্টি মুখর সারা রাতভর?