বাংলাদেশ সিরিজ সামনে রেখে পাকিস্তানের আস্থা মাসুদের ওপর,কোচ হচ্ছেন শরফরাজ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৪-১৫ ২০:৩৩:১৮
image

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে নেতৃত্ব ও কোচিং কাঠামোয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। উদ্বোধনী ব্যাটার শান মাসুদ-এর ওপরই অধিনায়ক হিসেবে আস্থা রাখছে বোর্ড।
বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ও কোচের ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে সাবেক অধিনায়ক শরফরাজ আহমেদ-কে টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
আগামী ৮ ও ১৬ মে থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলকে আতিথ্য দেবে বাংলাদেশ। তবে এখনো ভেন্যু নির্ধারণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই প্রথমবারের মতো টেস্ট দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন শরফরাজ আহমেদ। তিনি আজহার মাহমুদ-এর স্থলাভিষিক্ত হবেন এবং একই সঙ্গে নির্বাচকের ভূমিকাও পালন করবেন।
বর্তমানে টেস্ট দলের নেতৃত্বে থাকা শান মাসুদকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্তকে বোর্ডের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ চক্রে পাকিস্তান বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে তারা।
বর্তমান কোচিং কাঠামোয় সাদা বলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মাইক হেসন। ওয়ানডে দলে নেতৃত্ব দিচ্ছেন শাহীন শাহ আফ্রিদী এবং টি-টোয়েন্টি দলে অধিনায়ক হিসেবে রয়েছেন সালমান আলি আগা।

কী-ওয়ার্ড: পাকিস্তান টেস্ট দল,শান মাসুদ,শরফরাজ কোচ