চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবির দুই পৃথক অভিযানে ৫৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি প্রাইভেট কার জব্দ সহ আরাফাত শুভ(২৬) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার যুবক নওগাঁর মান্দা থানার প্রসাদপুর শামুকখোল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে (১৫ এপ্রিল) গোয়েন্দা তথ্যে অভিযানগুলো চালানো হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫/২ হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের ভেতরে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের উপর স্থাপিত গাড়ির ওজন স্কেল (ওয়ে ব্রীজ) এলাকায় আবস্থান নেয়। পরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম সংলগ্ন ওই স্কেলের নিকট একটি প্রাইভেট কার থামিয়ে গাড়ীর বুট (পেছনের ডালা) থেকে ২৮ বোতল ভারতীয় এস্কাফ সিরপা পাওয়া গেলে কার আরোহি শুভকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি আরও জানায়, প্রায় এ্ই সময় একই বিওপির অপর একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৫ হতে মাত্র ৪০ গজ বাংলাদেশের ভেতেরে একই ইউনিয়নের বালিয়াদীঘি গ্রাম সংলগ্ন দীঘির পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৫৪৯ বোতল এস্কাফ ডিএক্স সিরাপ জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বুধবার(১৫ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এসব অভিযানে গ্রেপ্তার যুবক ও জব্দ নেশার সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। গত ৩ মাসে ৫৯ বিজিবির আওতাধীণ সীমান্ত হতে প্রায় সাড়ে ৪ হাজার বোতল ভারতীয় নেশার সিরাপ সহ ১৩ আসামী গ্রেপ্তার হয়েছে।