প্র দী প সে ন

  • কী জানি কেন আমি ভালো নেই
  • ২০২৬-০৪-১৩ ১৫:৩৯:৪৯
image

জানি না কী হয়েছে আমার-
ভালো না-থাকার দৃশ্যমান কোনো কারণ নেই,
অথচ সারাক্ষণ আমাতে মনখারাপের ছায়া।
যেখানেই যত অন্যায়, অবিচার, শোষণ, অনীতি-
কিছুই অবিদিত থাকে না আমার দৃষ্টি, আর অনুভূতিতে।
মুখে ভাত তোলার সময় 
আমার চোখে ভেসে ওঠে নিরন্ন মানুষের ক্ষুধার্ত মুখ।
পথে নামলেই চোখে পড়ে-
হাজারো বেকারের অসহায় উদ্বিগ্ন মুখ,
আর মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদ পেতে
সবকিছু লুটে নেওয়া এ যুগের গফুর ডাকাতের দল।
আমি ভালো নেই-
বুঝি ওরা, আমার আত্মার আত্মীয়রা ভালো নেই বলে।
এই পৃথিবীটা বড়ই অসুন্দর, বিবেকহীন, নির্মম
এখানে কি ভালো থাকা যায়?

আগরতলা, ত্রিপুরা, ভারত।