ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ:সাঙ্গু তীরে বিষু-বিজুর রঙিন সূচনা

  • বান্দরবান প্রতিনিধি
  • ২০২৬-০৪-১২ ১৫:১৩:৫৮
image

পুরোনো বছরের দুঃখ-কষ্টকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সাঙ্গু নদীর তীরে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বিষু উৎসব। একই আয়োজনের মাধ্যমে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবেরও আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাসস্টেশন-সংলগ্ন সাঙ্গু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণ-তরুণীরা গঙ্গাদেবীর পূজা করেন। কলাপাতায় ভক্তিভরে নিবেদন শেষে দেবীর উদ্দেশে ফুল ভাসিয়ে তারা নতুন বছরের মঙ্গল কামনা করেন।
বিষু উৎসব উপলক্ষে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় তিন দিনব্যাপী নানা আচার-অনুষ্ঠান পালন করে থাকে-ফুলবিষু, মূলবিষু ও নববর্ষ। সূর্যোদয়ের আগেই নদীর তীরে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
পূজা শেষে ঘরে ঘরে প্রস্তুত করা হচ্ছে ঐতিহ্যবাহী ‘পাঁজন’, যেখানে ২০ থেকে ৩০ ধরনের সবজি দিয়ে রান্না করা হয় বিশেষ খাবার। নতুন পোশাক পরে একে অপরের বাড়িতে গিয়ে এই পাঁজন ভাগাভাগি করে খাওয়ার মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নিচ্ছেন সবাই।
এদিকে আলীকদমে Matamuhuri River তীরেও একইভাবে ফুল ভাসানোর আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় এই আয়োজনের মধ্য দিয়েই বিষু উৎসবের সূচনা হয়েছে।
আগামীকাল থেকে মার্মা সম্প্রদায়ও বর্ষবরণ উপলক্ষে জলকেলিতে মেতে উঠবে। বান্দরবানের বিভিন্ন স্থানে ইতোমধ্যে এ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উৎসব সংশ্লিষ্টরা আশা করছেন, পারস্পরিক সম্প্রীতি ও ঐতিহ্যের এই মিলনমেলা আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

কী-ওয়ার্ড: বিষু উৎসব,সাঙ্গু নদী,পাঁজন খাবার