অবৈধ জ্বালানি মজুতে বড় আঘাত: এক মাসেই উদ্ধার প্রায় ৪.৭ লাখ লিটার তেল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০৯ ১৬:১৪:৫৮
image

সারাদেশে জ্বালানি খাতে অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে জোরালো অভিযানে বড় সাফল্য পেয়েছে সরকার। গত এক মাসে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে মজুত করা ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে গত ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধারাবাহিক অভিযান চালানো হয়। এসব অভিযানের ফলেই বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণই সবচেয়ে বেশি। মোট ৩ লাখ ৫২ হাজার ৪৭ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এছাড়া ৩৬ হাজার ৬২১ লিটার অকটেন এবং ৮০ হাজার ৩৭৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ মজুত, পাচার ও সরবরাহে কারসাজির মাধ্যমে বাজারে সংকট তৈরির অপচেষ্টা ঠেকাতে এই অভিযান পরিচালিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশে মোট ৭ হাজার ৩৪২টি অভিযান চালানো হয়েছে এবং এতে ৩ হাজার ১১টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। নিয়মিত তদারকি ও আইনি ব্যবস্থার মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার এই কার্যক্রম চলমান রাখবে বলেও জানানো হয়েছে।

কী-ওয়ার্ড: জ্বালানি অভিযান, অবৈধ মজুত, তেল উদ্ধার