বৈশ্বিক জ্বালানি সংকট ও রাজধানীর তীব্র যানজটের বাস্তবতায় শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে সরকার। পরীক্ষামূলকভাবে ঢাকার কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাস মিলিয়ে সমন্বিত পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর International Mother Language Institute-এ আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ঢাকা মহানগরের যানজটপ্রবণ ও বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হবে। তিনি বলেন, এটি বাধ্যতামূলক নয়; যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় সক্ষমতা রাখে, তাদের নিয়েই ‘সমন্বিত শিক্ষা কার্যক্রম’ শুরু হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে। এর মধ্যে শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইন ক্লাসে অংশ নেবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।
শিক্ষামন্ত্রী আরও স্পষ্ট করেন, অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করতে হবে। বাসা থেকে অনলাইন ক্লাস নেওয়ার সুযোগ থাকছে না।
সংবাদ সম্মেলনে Viqarunnisa Noon School and College-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিশাল সংখ্যক শিক্ষার্থীর জন্য এই পদ্ধতি বড় স্বস্তি এনে দেবে, বিশেষ করে যারা দূরবর্তী এলাকা থেকে যাতায়াতে সমস্যার মুখোমুখি হয়।
তিনি আরও জানান, অনলাইন ক্লাসে প্রাথমিক ধারণা নেওয়ার পর শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে এসে জটিল বিষয়গুলো বুঝে নিতে পারবে-যা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও উপস্থিত ছিলেন।
কী-ওয়ার্ড: সমন্বিত শিক্ষা,অনলাইন ক্লাস,যানজট সমস্যা