এসি বাসে ভাড়া স্বচ্ছতায় নতুন উদ্যোগ: আসছে ডিজিটাল ডিসপ্লে ও পৃথক ভাড়ার তালিকা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০৯ ১৪:৩৮:০০
image

গণপরিবহনে ভাড়া নির্ধারণে স্বচ্ছতা আনতে নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন,শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং বাসের ভেতরে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ভাড়া প্রদর্শনের ব্যবস্থা চালু করা হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিদ্যমান আইন অনুযায়ী দেশের প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন এবং তাদের দায়িত্ব নির্ধারণের বিধান রয়েছে। এসব কমিটি সড়কের ধারণক্ষমতা বিবেচনায় পরিবহনযানের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে।
তিনি আরও জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী গেজেট জারি করে গণপরিবহনের ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। নির্ধারিত ভাড়া বিআরটিএ-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং পরিবহন মালিকদের তা বাসের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা কার্যকর রয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, খুব শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে। পাশাপাশি ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ভাড়া প্রদর্শনের ব্যবস্থা চালু হলে যাত্রীরা সহজেই ভাড়া সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।

কী-ওয়ার্ড: বাস ভাড়া,ডিজিটাল ডিসপ্লে,গণপরিবহন