দেশের প্রান্তিক ও নিম্নবিত্ত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল দর্শন হলো ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের কেন্দ্রবিন্দু। এই লক্ষ্য সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে, যা দেশের নাগরিকদের জন্য একটি সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থার অংশ।
তিনি জানান, কর্মসূচির প্রাথমিক ধাপে গত ১০ মার্চ ২০২৬ তারিখে দেশের ১০টি জেলা ও ৩টি সিটি কর্পোরেশনের মোট ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। পরবর্তী ধাপে ধাপে এই সংখ্যা বাড়িয়ে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
নোয়াখালী-১ নির্বাচনী এলাকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ওই অঞ্চলের দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যেও দ্রুত তাদের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এর আগে সকালে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয় এবং দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা অংশ নেন।
কী-ওয়ার্ড: ফ্যামিলি কার্ড,সামাজিক নিরাপত্তা,পরিবারভিত্তিক উন্নয়ন