বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার চিন্তা চললেও এখনো অনলাইন ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon।
তিনি জানান, অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত পদ্ধতি চালুর বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী দুই-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের মতামত ও বাস্তব সমস্যাগুলো বিবেচনায় নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে।
এর আগে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব Nasimul Gani জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে বিকল্প পদ্ধতি বিবেচনায় আনা হচ্ছে।
রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর গত ২৯ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও নতুন পরিস্থিতিতে আবারও ক্লাস পরিচালনায় পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে সপ্তাহে অন্তত একদিন অনলাইন ক্লাস চালুর একটি প্রস্তাব মন্ত্রিসভায় উঠলেও এখনো তা চূড়ান্ত হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সাশ্রয় এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিকেই নজর দেওয়া হচ্ছে।
কী-ওয়ার্ডস: অনলাইন ক্লাস সিদ্ধান্ত, জ্বালানি সংকট শিক্ষা, মিশ্র শিক্ষা পদ্ধতি