চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীসহ ৬ জনকে আহতের পর গ্রামবাসীর হাতে মারা পড়েছে ১টি ভারতীয় বন্য শুকর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-০৪ ২০:৩৯:৩৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে  এক নারী, এক ব্যবসায়ী ও  ৪ কৃষকসহ ৬ জনকে আহত করার পর  সীমান্তেবাসীর হাতে মারা পড়েছে  কাঁটাতরের বেড়াবিহীন সীমান্ত পেরিয়ে ভারতের জঙ্গল থেকে আসা একটি বন্য শুকর।  স্থানীয় জনপ্রতিনিধিরা জানান,শনিবার(৪এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সাতরশিয়া বিলের (কুমিরাদহ বিল) পাশে  একটি আমবাগানে একটি শুকরটি পিটিয়ে মারা হয়। গ্রামবাসীর ধারণা দলছুট  এই বুনো শুকরের আক্রমনেই   আহতের ঘটনাগুলো ঘটে। এখন ভারতীয় শুকরের পাল  সীমান্তবাসীর আতংক হয়ে দাঁড়িয়েছে। দূর্লভপুর,মনাকষা ও বিনোদপুর ইউনিয়নের  শুকরের সমস্যা বেশি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুবছর যাবৎ ভারতের শুকরের দল রাত হলেই বাংলাদেশের জমিতে প্রবেশ করে ও ভোর হবার আগেই ভারতে ফিরে যায়। নষ্ট করে  ফসল। আহত করে কৃষক ও সীমান্তবাসীদের।  কিন্তু বুনো শুকর গত বৃহস্পতিবার(২ এপ্রিল) দিনের বেলায় ৬ গ্রামবাসীকে আহত করে।
আহতরা হলেন শ্যামপুর  ইউনিয়নের বড়হাদিনগর গ্রামের চামড়া ব্যবসায়ী নাসির উদ্দিন, একই ইউনিয়নের হুদমা বাবুপুর গ্রামের মো. রুহুলের স্ত্রী এক গৃহবধু, মনকষার ৪ নং ওয়ার্ডের কামাত গ্রামের বাসিন্দা ও ভুট্টাক্ষেতে কর্মরত কৃষক জনি, ডালিম ও মুলি এবং একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খোন্দা গ্রামের কৃষক ও এরফান আলীর ছেলে মো. খাইরুল। আহত ৬ জনের মধ্যে  অন্তত: ২ জনকে  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকীদের জেলায় চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।
বিনোদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীনআহতের খবরটি নিশ্চিত করে বলেন, বিষয়টি প্রশাসন ও বিজিবিকে জানানো হয়েছে। ইউপির ৬ নর্ং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান,২ নং ওয়ার্ড সদস্য সাহারুল আলম এবং মনাকষার ৮ নং ওয়ার্ড সদস্য  সমির উদ্দিন ভারতীয় শুকর সমস্যা, গত বৃহস্পতিবার ৬ জন আহত হবার পর সীমান্তে আতংক  সৃষ্টি হওয়া  এবং শনিবার একটি শুকর মারার খবর নিশ্চিত করেছেন।
শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজ বলেন, বিষয়টি অবহিত হবার পর বিজিবি ও  জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে দৃষ্টি রাখা হবে। বিএসএফ’র সাথে কথা বলা হবে। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গ্রামবাসী চাইলে এ ব্যাপারে সহযোগিতা করা হবে।