স ঙ্গী তা ক র

  • অসময়ের রূপকথা
  • ২০২৬-০৪-০৪ ১২:১৯:৩৪
image

এইতো কদিন আগেও বিস্তর সময় ছিলো হাতে 
সারাদিনের ঘরকন্না ঘিরে একঘেঁয়েমি
সন্ধ্যা হলেই সিরিয়ালগুলো এসে ঘটি ভর্তি জল ঢেলে দিতো চোখে মুখে, 
তারপর রাত
ভূতের গল্প আর রোমাঞ্চ মিলেমিশে অতিক্রম করা সাঁকোর মতো
শেষ হতে চায় না কিছুতেই!
তবুও অগোছালো ছিলো মাথার চুল
ঠোঁটের রং ছিলো নিজের অগোচরে 
কতবার ভেবেছি জীবনে এতো সময় পার করবো কি করে?
মৃত্যু নামক রেখা এসে এঁকে দিক সমাপ্তি 
না না আমি আর এ জীবন চাই না 
পদ্ম পাতার জল হয়ে টুপ করে ঝরে পরবো একদিন,
এমন সময় বেঞ্চের অপর প্রান্ত ঝুঁকে গেল
বিস্ময়ে তাকিয়ে দেখি 
রামধনু মাখা এক জোড়া চোখ 
ঝড়-ঝঞ্ঝার পর মেঘলা আকাশের সীমান্তে এসে বসেছে 
হেসে বললে 'আমার রং হবে',
আমি অবাক হলাম 
ফুরিয়ে আসা জীবনের বাকিটুকু ধূসর খামে ভরতে যাবো 
এমন সময় রং পাবো কোথায়?
তুমি অভিমান করে উঠে গেলে 
বাড়ি ফিরে দেখি আমার সিরিয়াল, ভূতের গল্প সব কেমন দূরে দূরে সরে যাচ্ছে 
আলোকবর্ষের থেকেও দূরে,
কেবল মনের মধ্যে উঁকি মারছে তোমার অভিমান ভরা মুখ
পরদিন দিনভর সাজগোজ করেও কিছুতেই সম্পূর্ণ হলো না!