হরমুজ জটিলতা এড়াতে বিকল্প পথে তেল আমদানি,ইয়ানবু রুটে বাংলাদেশের নতুন কৌশল

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৪-০২ ২৩:০১:৩৫
image

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ঝুঁকি এড়াতে বাংলাদেশ নতুন কৌশল নিয়েছে। এবার সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বিকল্প পথে আমদানি করা হচ্ছে, যা সরাসরি লোহিত সাগর হয়ে চট্টগ্রামে পৌঁছাবে।
জানা গেছে, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সংগ্রহ করা হবে। আগামী ২০ এপ্রিল জাহাজে তেল লোড হওয়ার কথা রয়েছে। এরপর লোহিত সাগর হয়ে সরাসরি রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি-তে তা পৌঁছাবে।
এদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি তেলবাহী জাহাজ বর্তমানে হরমুজ প্রণালী সংশ্লিষ্ট জটিলতায় আটকা রয়েছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় সেটি বাংলাদেশে আসতে পারছে না। যদিও সম্প্রতি কয়েকটি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তবে এই জাহাজটি সেই তালিকায় নেই।
বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, ইয়ানবু থেকে নতুন করে আনা ১ লাখ টন তেল এবং আটকে থাকা আরও ১ লাখ টন তেল-দুই মিলিয়ে মোট ২ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
পরিশোধনের পর এই তেল থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি উৎপাদন সম্ভব হবে। এর মধ্যে রয়েছে প্রায় ৫২ হাজার মেট্রিক টন ডিজেল, ৩২ হাজার মেট্রিক টন পেট্রোল, ১৬ হাজার মেট্রিক টন অকটেন, ৪৮ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ৪২ হাজার মেট্রিক টন কেরোসিন।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। অনুমতি মিললেই আটকে থাকা জাহাজটি সরাসরি চট্টগ্রামে পৌঁছাবে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালীর অনিশ্চয়তা এড়াতে এবার ইয়ানবু রুট বেছে নেওয়া হয়েছে, যা রাজনৈতিক ও সামরিক ঝুঁকি তুলনামূলক কম। ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসের শুরু থেকে এখন পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি ও এলএনজি বহনকারী অন্তত ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, যা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

কী-ওয়ার্ড: হরমুজ সংকট, তেল আমদানি, ইয়ানবু রুট