জীবন কখনো মুখোশ আটা
সুন্দর একটি হাসি,দুঃখের খাঁজকাটা
অজন্তা ইলোরার গুহা স্তম্ভ
চোখ মেলে তুমি দেখো! গৌতম বুদ্ধ নিস্তব্ধ।
জীবনের পরতে পরতে কত কারুকাজ
কষ্টকে ঢাকতে কত সুখের টেম্পেরা সাজ,
কত খোদাই অবিরাম মনের দেয়ালে
কে জানে তা ,জীবন চলে কোন খেয়ালে।
কত সুর ভেসে আসে কত যে হারায়
কৃষ্ণের বাঁশির সুরে রাধা পাগলপ্রায়,
আত্মার সাথে পরমআত্মার যোগ হয়
পৃথিবীর মাঝে মানুষ তবুও অসহায় ।
মুখোশের আড়ালে আসল মুখ কোথায়
কেউ কি চেনে তাঁকে যে থাকে সেথায়।