দেশে সরকারি চাকরির ক্ষেত্রে বড় ধরনের শূন্যতার চিত্র তুলে ধরেছেন মো. আব্দুল বারী। তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ বর্তমানে শূন্য রয়েছে।
বুধবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম-এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, সর্বশেষ ‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্ট ২০২৪’ অনুযায়ী বর্তমানে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে কর্মরত আছেন।
শ্রেণিভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়-
প্রথম শ্রেণিতে কর্মরত আছেন ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি।
দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, শূন্য পদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।
তৃতীয় শ্রেণিতে কর্মরত ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন, শূন্য পদ ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি।
চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন, শূন্য পদ ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।
এছাড়া অন্যান্য পদে কর্মরত আছেন ৭ হাজার ৯৮০ জন, যেখানে শূন্য রয়েছে আরও ৮ হাজার ১৩৬টি পদ।
সরকারি জনবল কাঠামোয় এত বিপুল সংখ্যক শূন্যপদ প্রশাসনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। একই সঙ্গে দ্রুত নিয়োগ প্রক্রিয়া জোরদার করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
কী-ওয়ার্ডস: সরকারি চাকরি, শূন্য পদ, জনপ্রশাসন