সংসদে বিরোধী ওয়াকআউট: সংবিধান বিতর্কে উত্তাপ,মিসকোট অভিযোগে বিক্ষোভ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০১ ২০:০৬:০৩
image

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সংবিধান সংস্কার ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল।
বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী জোটের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিষয়ে আলোচনা চললেও তা নিষ্পত্তি না হওয়ায় অসন্তোষ তৈরি হয় বিরোধী সদস্যদের মধ্যে। একই সঙ্গে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান-কে ‘মিসকোট’ করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে তারা ওয়াকআউট করেন।
এর আগে, গত ১২ মার্চ রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও প্রথম দিনই সেই ভাষণ প্রত্যাখ্যান করে অধিবেশন বর্জন করেছিলেন বিরোধী সদস্যরা। এরপর এটি ছিল চলমান অধিবেশনে তাদের প্রথম আনুষ্ঠানিক ওয়াকআউট।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অপরদিকে, সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট, যার সঙ্গে কয়েকটি ছোট দলও প্রতিনিধিত্ব করছে। এবারের নির্বাচনে এই জোট ৭৭টি আসনে জয়লাভ করে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কী-ওয়ার্ডস: সংসদ ওয়াকআউট,সংবিধান বিতর্ক,বিরোধী দল