দুবাই বন্দরে তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-৩১ ১২:০৪:০৫
image

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি অপরিশোধিত তেলবোঝাই ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে।
সোমবার স্থানীয় সময় এ হামলায় ‘আল সালমি’ নামের ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের তেলবাহী জাহাজটিতে আগুন ধরে গেলেও কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ।
তারা জানায়, অগ্নিকাণ্ড মঙ্গলবার ভোরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং জাহাজ থেকে কোনো তেল নিঃসরণ হয়নি। এছাড়া জাহাজে থাকা ২৪ জন ক্রু নিরাপদ রয়েছেন, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই হামলার ঘটনাটি ঘটেছে এমন এক সময়, যখন ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। বিশ্লেষকদের মতে, এর পরপরই এই হামলা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ড্রোন হামলার ফলে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়।
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে বাণিজ্যিক জাহাজে এটি সাম্প্রতিক বড় হামলাগুলোর একটি। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাময়িকভাবে বেড়ে যায়।
তবে পরে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানই অগ্রাধিকার। এ ঘোষণার পর বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা অব্যাহত থাকলে জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

কী-ওয়ার্ডস:দুবাই ট্যাঙ্কার হামলা,হরমুজ উত্তেজনা,মধ্যপ্রাচ্য সংঘাত