র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ, দায়িত্ব নিলেন ১২তম প্রধান হিসেবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২৮ ১৭:০২:৫২
image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি বাহিনীটির ১২তম ডিজি হিসেবে শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
দীর্ঘ কর্মজীবনে আহসান হাবীব পলাশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। তিনি এপিবিএন, ডিএমপি, সিএমপি ও এসএমপিসহ রাঙামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সদরদপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের পর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক পর্যায়েও তার অভিজ্ঞতা রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি। পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) অর্জন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন।
নতুন ডিজি হিসেবে তার নেতৃত্বে র‍্যাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কী-ওয়ার্ডস:র‍্যাব নতুন ডিজি,আহসান হাবীব পলাশ,বাংলাদেশ পুলিশ নেতৃত্ব