স্বাধীনতার ইতিহাসে জিয়াউর রহমান ‘অনিবার্য চরিত্র’,তরুণদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২৭ ২১:২২:৪৯
image

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে ‘অনিবার্য চরিত্র’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জিয়াউর রহমানের অবদান খাটো করার যেকোনো প্রচেষ্টা ইতিহাসের বাস্তবতাকে অস্বীকার করার শামিল।
শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ-এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান হঠাৎ করে স্বাধীনতার ঘোষণা দেননি; বরং দীর্ঘদিন ধরে তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ধারণ করতেন এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। তাঁর লেখা ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধের উদ্ধৃতি টেনে তিনি দাবি করেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বোঝার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দলিল।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে গবেষণা ও আলোচনা প্রয়োজন, তবে তা যেন কোনোভাবেই মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো না করে। অতীতকে স্মরণ রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা কোনো একক দল বা গোষ্ঠীর নয়, এটি ছিল জনগণের সম্মিলিত সংগ্রামের ফল। তিনি ফিলিস্তিনের উদাহরণ টেনে স্বাধীনতার মূল্য উপলব্ধির কথাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সম্পদ সীমিত হলেও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানান তিনি।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন।

কী-ওয়ার্ডস:জিয়াউর রহমান ইতিহাস,স্বাধীনতা দিবস বক্তব্য,তারেক রহমান ভাষণ