মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র,যুক্তরাষ্ট্র-ইরান পাল্টা প্রস্তুতিতে নতুন সমীকরণ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-২৭ ১৫:৩০:৪৪
image

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জবাবে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস স্পষ্ট করে জানিয়েছে, সম্ভাব্য যেকোনো সংঘাত মোকাবিলায় তারা পিছপা হবে না।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশন মোতায়েনের ঘোষণা আসে। এর পরপরই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম জানায়, সম্ভাব্য স্থল অভিযানের জবাবে দক্ষিণ সীমান্তজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এক মিলিয়নের বেশি যোদ্ধাকে সংগঠিত করার পরিকল্পনা চলছে। হাজার হাজার তরুণ বাসিজ বাহিনী, আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে স্বেচ্ছায় আবেদন করছেন। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে প্রতিরোধ ক্ষমতার বড় শক্তি হিসেবে দেখছে তেহরান।
এদিকে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খোলা বা বন্ধ-উভয় পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছে ইরান, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে, ইরানের ক্রমবর্ধমান প্রস্তুতির মধ্যে ইসরাইল একাধিক ফ্রন্টে চাপের মুখে পড়েছে। গাজা ও লেবানন সীমান্তে হিজবুল্লাহ-এর সঙ্গে উত্তেজনার পাশাপাশি নতুন প্রতিরক্ষা জোন গঠনের জন্য অতিরিক্ত সেনার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
বিশ্লেষকদের মতে, ইরান দীর্ঘমেয়াদি প্রতিরোধের কৌশল নিয়ে এগোচ্ছে, আর ইসরাইলকে একই সঙ্গে একাধিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে সামরিক সম্পদ ও কৌশল পুনর্বিন্যাস করতে হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে।

কী-ওয়ার্ডস:ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা,মধ্যপ্রাচ্য নিরাপত্তা,হরমুজ প্রণালী সংকট