এনসিপি’র চাঁপাইনবাবগঞ্জর জেলা আহব্বায়ক সহ চার শীর্ষ নেতার পদত্যাগ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-২৬ ১৮:৩৮:২৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা আহব্বায়ক মো.আলাউল হক সহ জেলার  আরও শীর্ষ তিন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী অন্য তিনজন হলেন জেলা আহব্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: নাজমুল হুদা খান রুবেল,যুগ্ম আহব্বায়ক শেখ অলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।
বৃহস্পতিবার(২৬ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।  এ সময় তাঁরা বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) স্বাক্ষরিত এনসিপি আহব্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্রের দুটি কপি সাংবাদিকদের সরবরাহ করেন। একটি আহব্বায়ক আলাউল হকের পদত্যাগপত্র এবং অপরটি ৭ জন জেলা নেতার  নাম ও পদবী সম্বলিত পদত্যাগপত্রের কপি যাতে তিনজন স্বাক্ষর করেছেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এবং  পদত্যাগপত্রে আহব্বায়ক আলাউল হক পদত্যাগের কারণ হিসেবে অসুস্থতা উল্লেখ করেন। তবে তিনি  সাক্ষাৎকারে দলের তরুন নেতৃত্বের  চিন্তা-চেতনা ও ভাবনার সাথে তাল মেলাতে  এবং  অনেক ক্ষেত্রে সহমত হতে না পারার কথা জানান। অপরদিকে পদত্যাগী অন্য তিন নেতা  লিখিতভাবে পারিবারিক ও ব্যাক্তিগত কারণে পদত্যাগের কথা জানান।
আলাউল হক দাবি করেন, সরবরাহকৃত তালিকা অনুযাযী তিনি সহ দলের ৮ নেতা পদত্যাগ করেছেন। নানা কারণে অন্য ৪ জন সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেন নি। আলাউল হক বলেন,২০২৫ সালের ৫ জুন  তাঁকে প্রধান সমন্বয়কারী করে  ৩১ সদস্য বিশিষ্ট এনসিপির জেলা কমিটি গঠিত হয়। পরে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর  আবার তাঁকেই আহব্বায়ক করে ৬ মাসের জন্য ৭১ সদস্যের জেলার প্রথম এই আহব্বায়ক কমিটি গর্ঠিত হয়।