সত্য ও সময়ের পথে ‘সকালের আলো ডট কম’-এর ১৩ বছরের অভিযাত্রা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২৬ ০৯:১৪:৫০
image

মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস-এর গৌরবময় দিনে পথচলা শুরু করা অনলাইন পোর্টাল সকালের আলো ডট কম আজ ১৩তম বর্ষে পদার্পন করেছে। ২০১৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরুর পর থেকে নিরলসভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে চলেছে জনপ্রিয় এই সংবাদমাধ্যম।
এক যুগেরও বেশি সময় ধরে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা ও জনজীবনের নানা দিক তুলে ধরেছে ‘সকালের আলো ডট কম’। সারাদেশে বিস্তৃত সংবাদদাতা নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক জনপদ থেকে শুরু করে জাতীয় পর্যায়ের খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দিচ্ছে পাঠকের কাছে।
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে পোর্টালটি সবসময় চেষ্টা করেছে তথ্যের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে। দ্রুততার সঙ্গে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভ্রান্তি ও গুজব প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই মাধ্যম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্টরা জানিয়েছেন,ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের দিকে এগিয়ে যেতে চায় পোর্টালটি। পাঠকের চাহিদা ও সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কনটেন্টে বৈচিত্র্য আনার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতাকেও আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
এই দীর্ঘ পথচলায় পাঠক, সংবাদদাতা, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে কর্তৃপক্ষ। তাদের মতে, পাঠকের আস্থা ও ভালোবাসাই ‘সকালের আলো ডট কম’-এর সবচেয়ে বড় শক্তি।
নতুন বছরে পদার্পণের এই ক্ষণে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পোর্টালটি আশা করছে-আগামীর বাংলাদেশ গঠনে গণমাধ্যম হিসেবে আরও ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে তারা।