গণহত্যার কালরাত্রি স্মরণে ‘গণহত্যা:দেশে দেশে- কালে কালে’ শীর্ষক আর্ট ইন্সটলেশন ও আলোর মিছিল অনুষ্ঠিত

  • মঞ্জুর মোর্শেদ মিল্টন
  • ২০২৬-০৩-২৫ ২৩:১২:১৩
image

গণহত্যার কালরাত্রি স্মরণে আজ সন্ধ্যায় উদীচী কার্যালয় থেকে শুরু হয় আলোর মিছিল। আলোর মিছিলে অংশ নিয়ে শিল্পীরা গান ও আবৃত্তি করতে করতে শিখা চিরন্তন গিয়ে ‘গণহত্যা:দেশে দেশে- কালে কালে’ শীর্ষক একটি আর্ট ইন্সটলেশন পরিবেশনের নির্ধারিত কর্মসূচি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
আলোর মিছিলে গণহত্যাকারী হিসেবে হিটলার, ইয়াহিয়া-গোলাম আযম, ট্রাম্প- নেতানিয়াহু ও শেখ হাসিনার প্রতিকৃতি বহণ করা হয়।
শিখা চিরন্তনে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। তিনি বলেন  পাকিস্তানী বাহিনী কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ নির্মম ও নির্বিচার হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু হয় বাংলাদেশে গণহত্যা অভিযান। একাত্তরের ১৬ ডিসেম্বর পর্যন্ত এই গণহত্যা চলমান ছিল। মাত্র সাড়ে নয় মাসে ত্রিশ লক্ষ মানুষকে হত্যার ঘটনা মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত হয়ে আছে। সেই গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল জামাতে ইসলামের বিচার দাবি করেন তিনি। একইসঙ্গে  জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা ও সহযোগীদের সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। তিনি আরও বলেন, আজও গণহত্যা চলছে পৃথিবীর নানা প্রান্তে। ইরান, ফিলিস্তিনসহ দুনিয়ার দেশে দেশে বর্বর গণহত্যা ও বিভীষিকাময় ধ্বংসযজ্ঞ চলছে। যুদ্ধবাজ মার্কিন-ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে নিন্দা  জানানোর এবং যুদ্ধ ও গণহত্যা বন্ধে উচ্চকিত হওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে অনুষ্ঠানে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও, অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।