হরমুজ নিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম,উত্তেজনায় তেলের বাজারে অস্থিরতা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-২৪ ২১:১০:২১
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি চালু না হলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, সময়সীমা শেষে পরিস্থিতি স্বাভাবিক না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। একইসঙ্গে ইসরাইল জানিয়েছে, সংঘাত আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হতেই জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। কিছু সময় পর দাম কিছুটা কমলেও অস্থিরতা অব্যাহত থাকে।
অন্যদিকে নর্থ সি ব্রেন্ট ক্রুডের দামও বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলারের বেশি স্পর্শ করে, পরে তা সামান্য কমে প্রায় ১১১ ডলারের কাছাকাছি স্থির হয়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-এ মার্কিন-ইসরাইলি হামলা শুরুর আগে তেলের দাম তুলনামূলক কম ছিল। কিন্তু চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে চাপ সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, এই সংকট দীর্ঘায়িত হলে তেলের দামে বড় ধরনের ওঠানামা হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

কী-ওয়ার্ডস: হরমুজ প্রণালি, তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্য উত্তেজনা