সংসদ ভবনের টানেলে ঈদের জামাত,প্রথমবার নারীদের অংশগ্রহণ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২১ ১২:০৩:৪২
image

রাজধানীর বাংলাদেশ জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজার নিচে টানেলে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা।
এ বছর প্রথমবারের মতো সংসদ ভবনের টানেলে নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। এতে অংশ নেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ নারী মুসল্লিরা।
স্পিকারের নির্দেশনায় মুসল্লিদের সুবিধা এবং বৈরি আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে টানেলের নিচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়।
নামাজ শেষে মুসল্লিদের মাঝে খেজুর পরিবেশন করা হয়। জামাত ও খুতবা শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।
ঈদের জামাত শেষে স্পিকার মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসল্লিরাও একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

কী-ওয়ার্ডস: সংসদ ভবন ঈদ জামাত, টানেল নামাজ, নারী অংশগ্রহণ