জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত,বিকল্প প্রস্তুতি বায়তুল মোকাররমে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২০ ২১:৩৪:৪৯
image

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর ব্যবস্থাপনায় এ জামাতের আয়োজন করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহে জামাত সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।
বৈরি আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে মো. আবদুস সালাম ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিবারসহ প্রধান জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজুর স্থান ও নামাজের নির্দিষ্ট জায়গা নিশ্চিত করা হয়েছে। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুর স্থান ও চিকিৎসা সহায়তা দল প্রস্তুত রাখা হয়েছে।

কী-ওয়ার্ডস: জাতীয় ঈদগাহ জামাত,বায়তুল মোকাররম,ঈদ নামাজ ঢাকা