ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে পাল্টাপাল্টি দাবি,উত্তেজনা বাড়ছে ইরান-ইসরাইল দ্বন্দ্বে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-২০ ১৪:৩৪:৪৩
image

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ইরান ও ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা নেই বলে দাবি করার পর এর জবাব দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।
শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ইরান-এর প্রতিবেদনে জানানো হয়, আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, তেহরান এখনও পূর্ণ সক্ষমতায় ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে। তার ভাষায়, দেশের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০, যা সর্বোচ্চ এবং এতে উদ্বেগের কিছু নেই।
তিনি আরও বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতেও উৎপাদন অব্যাহত রয়েছে এবং ক্ষেপণাস্ত্র মজুতের ক্ষেত্রেও কোনো ঘাটতি নেই। ইরানের শিক্ষা ব্যবস্থায় ২০ স্কোরকে পূর্ণাঙ্গ বা নিখুঁত হিসেবে ধরা হয়।
এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দাবি করেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই এবং চলমান সংঘাতে ইসরাইল জয়ী হতে যাচ্ছে।
অন্যদিকে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত অব্যাহত থাকবে। দেশটির জনগণের মনোভাব তুলে ধরে আলি মোহাম্মদ নাঈনি বলেন, শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে জনমত রয়েছে।

কী-ওয়ার্ডস: ইরান ইসরাইল উত্তেজনা,ক্ষেপণাস্ত্র সক্ষমতা,মধ্যপ্রাচ্য সংঘাত