প্র দী প গু প্ত

  • যত্তোসব পাগলের কথা
  • ২০২৬-০৩-১৯ ২২:০৪:২২
image

সারারাত জেগে চিত্রনাট্য লিখে হাজার বার রিহার্সাল দিয়েও,
কারও সামনে দাঁড়িয়ে যখন সব কথা হারিয়ে কেউ বোবা হয়ে যায়, 
সেই ক্যালাশনেসকে প্রেম বলে।
যখন কারো বাড়ির লনে পোষা কুকুরকে দেখেও
ভীষণ ভীষণ আদর করতে ইচ্ছে করে -
গলা জড়িয়ে ধরে যখন কুকুরকে নয়, মনে হয় তাকেই চুমু খাচ্ছো, 
সে বোকাবোকা ইচ্ছে করাটাকে প্রেম বলে।
বৃষ্টির দিনে যখন কেউ অন্যের মাথাকে
বৃষ্টির হাত থেকে বাঁচাতে, নিজে ভিজে ছুপছুপ হয়ে বোবার মতো হেঁটে চলে 
সে পাগলামোকে সাদা বাংলায় প্রেম বলে।
সারাক্ষণ অনর্গল একথা সেকথা বলে বাড়ি ফেরার পথে
যখন মনে হয় - এই যাঃ, আসল কথাটাই তো বলা হলোনা
মনভুলানো সেই আবিষ্কারকে প্রেম বলে। 
রাতে ঘুম ভেঙে গেলে, মোবাইলটা ছুঁয়েও কী একটা ভেবে
শেষপর্যন্ত পাশ ফিরে শুয়ে মনে মনে তার সাথে ফোনে  অনর্গল বকে যাওয়াকে প্রেম বলে।
কেউ আসবে বলে ঘন্টার পর ঘন্টা ধরে স্টেশনে অথবা বাসস্টপে চুপচাপ অপেক্ষা করার মতো বোকামোকে প্রেম বলে।
প্রাইভেট টিশনের টাকা যখন কারো জন্মদিনের গিফট কিনতে একমিনিটও চিন্তা না করে খরচ করে ফেলা হয়, সে আবেগকে প্রেম বলে।
গ্রীষ্মের খরতাপে  ফ্রুটজুস খেতে খেতে নিজের গ্লাসের অর্ধেকটা অন্যের গ্লাসে ঢেলে দেওয়ার ঔদার্যকে প্রেম বলে।
দূর থেকে শুধু একঝলক দেখার জন্য রোজ কলেজ থেকে ফেরার রাস্তায় তীর্থেরকাকের মতো অপেক্ষা করাকে প্রেম বলে।
একা একা সমূদ্রে অথবা পাহাড়ে ঘুরতে গিয়ে চিৎকার করে কারো নাম প্রতিধ্বনিত করার মতো অর্থহীনতাকে প্রেম বলে।
মুখোমুখি একদিনও দেখা না হলেও শুতে যাওয়ার আগে ফেসবুক খুলে কারও ছবিকে চুমু খেয়ে মনেমনে শুভরাত্রি জানানোকেও প্রেম বলে।
বিয়ের দীর্ঘদিন পর রাতে ঝগড়া করে দুজন দুদিকে মুখ করে শুয়ে থাকাকে কী বলে জানিনা তবে ভোরের বেলা জাপটে ধরে আদর করাকে সংসার বলে।
একজন পাগল আমায় বলেছিলো -- আরে পাগল প্রেম কি কেউ কিনতে পারে, নাকি প্রেমিকাকে চিনতে পারে কেউ, তবে যে একবার ওই ফাঁদে পা দিয়েছে সে গ্যাছে।