হু মা য়ূ ন ক বী র ঢা লী

  • আদিম প্রহর
  • ২০২৬-০৩-১৯ ১৯:৩৫:২৯
image

রাত হলে শক্ত ল্যাম্পপোস্ট
মাথায় কামনার আগুন নিয়ে দাঁড়িয়ে পড়েন একা,
তপ্ত শিখায় খুঁজতে থাকেন কোনো এক অভ্যাগতকে
যার শরীরের ঘ্রাণে মিশে আছে আদিম কোনো ডাক।

অন্ধকারের হাহাকার চিরে যখন দেখা মেলে,
তখন সব দ্বিধা মুছে নিবিড় আলিঙ্গনে
তিনি ঢুকে যান সেই কাঙ্ক্ষিত আলোকিত গহ্বরে;
সেখানে শুধু আদিম দহন, আর রক্তের চঞ্চল খেলা।

উন্মত্ত সেই আগুনেরা যখন নিভে আসে ধীরে,
নিঃশেষিত হয়ে পড়ে সব তেজ আর আদিম উল্লাস—
এরপর ঘেমে ভিজে নেতানো শীতল দেহ নিয়ে
বেরিয়ে আসেন পৃথিবীর বুকে।

নিভে যাওয়া সেই আদিম পিপাসা শেষে,
ভোরের আলোয় যখন ধুয়ে যায় সব দহন—
নিঃস্ব এক দীর্ঘশ্বাস মিশে যায় বাতাসের ভাঁজে,
পড়ে থাকে নিথর, রিক্ত, এক অবশ অবয়ব।