অনুযোগ নেই কোন।
হারিয়ে ফেলা প্রকৃতির নিয়ম।
মানুষ রোজ রোজ কত কি যে হারায়!
পরষ্পরের দিকে আঙুল তোলে,
কাদা ছোঁড়াছুঁড়ি করে।
অভিযোগের তির ছুঁড়ে দেয় নির্দ্বিধায়।
তারপর নিজের চাওয়া পাওয়ার হিসেব কষে।
আঙুলের রেখা গুণে যোগ বিয়োগ করে।
হেলায় অভিশাপ দেয়। দীর্ঘশ্বাস ফেলে।
ভালো লাগে না আমার।
চলে যাওয়ার ঘটনায় মতো
থেকে যাওয়ার সময়টাও তো সত্যি।
মনে রাখি, সম্মান দিই।
হাসি মুখে এড়িয়ে যাই অস্বস্তিকর প্রশ্ন।
নিজেকে নিয়ে আমার একান্ত কিছু ব্যক্তিগত ভাবনা আছে।
বিনা অনুমতিতে প্রবেশ নিষেধের বোর্ড ঝুলিয়ে রাখি সেখানে।
তুমি ছুঁতে পারোনি মন।
তুমি যেতে পেরেছ সহজে।
ফিরে আসার সমস্ত পথ বন্ধ রেখেই বলছি,
তোমার প্রতি আমার কোন অনুযোগ নেই,
সত্যি।