রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি, চার দিনজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১৮ ২২:৫২:১৪
image

বুধবার সন্ধ্যায় ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আগে থেকেই আবহাওয়া অধিদফতর সারা দেশে কয়েক দিন ধরে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।
সংস্থাটি জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে ঈদুল ফিতর-এর দিনও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। সিলেটসহ দেশের সব বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কী-ওয়ার্ড:ঢাকায় ঝুম বৃষ্টি,আবহাওয়া পূর্বাভাস,ঈদে বৃষ্টির সম্ভাবনা