মির্জাপুরে বিষ প্রয়োগে খামারের মাছ হত্যা

  • শিলা আক্তার
  • ২০২৬-০৩-১৮ ২১:৩০:৫৭
image

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে বিষ প্রয়োগ করে মৎস্য হ্যাচারির প্রায় ১০ লাখ টাকার মাছ হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় বুধবার (১৮ই মার্চ) দুপুরে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হ্যাচারির মালিক শ্যামল চন্দ্র পাল।
মঙ্গলবার (১৭ই মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে মির্জাপুর পৌরসভা এলাকার বাইমহাটী গ্রামে অবস্থিত মায়া মৎস্য হ্যাচারি ও ফিসারিজে এই ঘটনা ঘটে। সরজমিনে হ্যাচারির সাবমার্সিবল পাম্পের মুখে বিষের আলামত দেখা গেছে।
অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির সাবেক কর্মচারি আশিস কুমার মল্লিককে গত ৬ বছর পূর্বে চুরি ও অনিয়মের দায়ে তাকে চাকুরিচ্যুত করা হয়। সেই ঘটনার জেরে আশীস হ্যাচারিতে ডুকে সাবমার্সিবল পানির পাম্প ও পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে সকালের মধ্যে হ্যাচারির সব মা মাছ মারা গেছে এবং ধীরে ধীরে পুকুরের মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে।
হ্যাচারিতে থাকা সিসি ক্যামেরার ভিডিওতে এক ব্যক্তিকে রাত ১১ টার দিকে হ্যাচারিতে প্রবেশ করতে দেখা যায়। তিনি তার সাথে থাকা একটি ব্যাগ থেকে কিছু একটা বেরও করেন। ব্যক্তিটিকে হ্যাচারির সাবেক কর্মী আশীস কুমার মল্লিক বলে দাবি করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন হ্যাচারি মালিক শ্যামল চন্দ্র পাল। 
তবে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত আশীস কুমার মল্লিক। রাতের ওই সময় বাসা থেকে বের হলেও হ্যাচারিতে যাননি বলে দাবি করেন তিনি। 
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ডিউটি অফিসার মিজানুর রহমান।