ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় পারাপার প্রায় ৪৭ হাজার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১৮ ১১:৫৯:২৯
image

ঈদ সামনে আসতেই নাড়ির টানে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে, যার প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক–এ। যানবাহনের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত বড় কোনো যানজটের সৃষ্টি হয়নি।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।
বুধবার সকালে টাঙ্গাইলের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।
নির্বাহী প্রকৌশলী বলেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদাভাবে দুই পাশে দুটি করে বুথ রাখা হয়েছে।
তিনি আরও জানান, সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কী-ওয়ার্ডঃযমুনা সেতু যানবাহন চাপ,ঈদযাত্রা আপডেট,টোল আদায় তথ্য