চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ১ কেজি ৩০০ গ্রাম ‘ক্রিষ্টাল মেথ আইস’ মাদকদ্রব্য জব্দ হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয় নি।
বিজিবি জানায়,গত সোমবার (১৬ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে বিজিবির নিকট গোয়েন্দা তথ্য আসে যে, নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসযোগে ‘ক্রিষ্টাল মেথ আইস’ চোরাচালান হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল, নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট প্রশান্ত কুমার এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স অভিযান শুরু করে। অভিযানকালে টাস্কফোর্স দল সাহাপুর এলাকায় হোটেল মল্লিকার সামনে সন্দেহভাজন বাসটি দাঁড় করিয়ে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীতে বাসটি হতে মালিকবিহীন অবস্থায় এক কেজি তিনশত গ্রাম ক্রিষ্টাল মেথ আইস নামক মাদকদ্রব্য জব্দ হয়। যার আনুমানিক মূল্য ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (১৭ মার্চ) ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ বিজিবির প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় জব্দ ওই মাদকদ্রব্য নওগাঁ সদর মডেল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীণ। তিনি আরও জানান, দায়িত্পূর্ণ নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এবং প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলমান রাখবে ১৬ বিজিবি।