সমাপ্ত হলো অমর একুশে বইমেলা ২০২৬,নতুন বই এসেছে দুই হাজারের বেশি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১৫ ২৩:২২:৫৭
image

১৮ দিনব্যাপী অমর একুশে বইমেলা ২০২৬ রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই বইমেলার শেষ দিন ছিল ১৫ মার্চ। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা জানান, এবারের বইমেলায় বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। তিনি বলেন, ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে বাংলা একাডেমি নিজস্বভাবে বই বিক্রি করেছে ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার।
মেলায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৮৪টি। এর মধ্যে ১৪টি ছিল মিডিয়া ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রকাশনা প্রতিষ্ঠান ছিল ৫৭০টি।
ড. সেলিম রেজা জানান, ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১৭ দিনে তাদের মোট বিক্রি হয়েছে প্রায় ৮ কোটি টাকা। গড় হিসাবে হিসাব করলে ৫৭০টি প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ১৭ কোটি টাকা।
মেলা পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত এবারের বইমেলায় মোট নতুন বই এসেছে দুই হাজার ৭টি।
সমাপনী দিনে বিকেল ৩টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে মেলার প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এবং শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য তাদের লাইব্রেরি ও বই ধ্বংস করাই যথেষ্ট। তিনি দেশের মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করতে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি উপজেলায় আধুনিক লাইব্রেরি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলা পর্যায়ের মতো উপজেলা পর্যায়েও শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
এদিকে বইমেলা উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার পেয়েছে কথাপ্রকাশ। মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে ঐতিহ্য, প্রথমা প্রকাশন ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
এছাড়া রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার পেয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড এবং সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার পেয়েছে সহজ প্রকাশ।
নান্দনিক অঙ্গসজ্জার জন্য শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স, মাত্রা প্রকাশ এবং বেঙ্গল বুকস।

কী-ওয়ার্ডঃঅমর একুশে বইমেলা ২০২৬,বাংলা একাডেমি বইমেলা,বইমেলার বিক্রি ও নতুন বই