শা হা না জ পা র ভী ন

  • নীরবতার নক্ষত্র
  • ২০২৬-০৩-১৫ ১০:৫১:০০
image

অনেকটা অদ্ভুত আবেগে বলেছিলে..
একদিন নাকি জ্বালাবে আমার নামে
একটি নক্ষত্র
তোমার হৃদয়ের গোপন আকাশে।

তারপর হঠাৎ হারিয়ে গেলে
চব্বিশটি দীর্ঘ ঘন্টা...
সময়ের কাঁটাগুলো যেন থেমে থেমে হাঁটে,
দুপুরের রোদও কেমন নিষ্প্রভ লাগে
অকারণে।

জানালার কাঁচে জমে থাকা আলো
মুছে যায় ধীরে ধীরে,
অপেক্ষার ধুলো জমে ওঠে
নিঃশব্দ বিকেলের বুক জুড়ে।

এই কোমল হৃদয়ের কক্ষপথে
হঠাৎ নিভে যায় কয়েকটি আলো,
যেন পূর্ণিমার চাঁদ
অকারণে মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে।

বুকের ভেতর
চাপা দীর্ঘশ্বাসের ঢেউ,
শ্বাস নিতে গেলেও মনে হয়
হাওয়াটাও ভারী হয়ে আছে আজ।

চোখের কোণে নোনা জলের রেখা
বেদনাদের পাশে দাঁড়িয়ে থাকে
নিঃশব্দ সাক্ষী হয়ে।

হঠাৎ...
মোবাইলের ক্ষীণ আলো জ্বলে ওঠে।
স্ক্রিনে ভেসে ওঠে
চিরচেনা সেই নাম।

ফোন রিসিভ করতেই ওপাশ থেকে
অপরূপ কোমল কণ্ঠ..
“শোনো…
একবার বলো তো,
আমাকে ভুলে যাওনি তো?”
উত্তরে কোনো শব্দ ছিল না..
শুধু নীরবতার ভেতর
দু’চোখ ভরা জল
আর বুকের ভেতর
আবার জ্বলে ওঠা একটি নক্ষত্র।