রী তা রা য়

  • আমাকে আবার বাধ্য করোনা শিখণ্ডী হতে
  • ২০২৬-০৩-১৪ ১১:১৪:৫২
image

আমাকে আবার বলোনা শিখণ্ডী হতে 
আমাকে আবার বাধ্য করোনা শিখণ্ডী হতে। 
শিখণ্ডীর প্রতিশোধাগ্নানি কতোটা ভয়ঙ্করতম!
সেটা নিশ্চয় জানো?
আমাকে আমার প্রেমের কাব্য লিখতে দাও।
আমাকে আমার প্রেমের উপন্যাসের নায়িকা হতে দাও।
আমাকে গা ভর্তি গয়না,বেনারসি শাড়িতে সাঁজতে দাও।
আমাকে আমার প্রেমির সাথে কুঞ্জ সাঁজাতে দাও।
আমাকে তার বাহুডোরে থাকতে দাও
লজ্জাশীলা,ধৈর্যশীলা বধু হয়ে ঘরে থাকতে দাও।
আমাকে সেই প্রেমিকা অম্বা হয়ে বাঁচতে দাও।

আমি আবার শিখণ্ডী হতে চাই না।

জানতো,শিখণ্ডীর ক্রোধাগ্নি হতে
মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী, পৃথিবীজয়ী, মহাধনুর্ধর, মহাবীর ভীষ্মও বাঁচতে পারেনি,
পারেনি কৌরব বুহ্য তাকে সুরক্ষিত রাখতে,
জ্বলে ছাই হয়েছিল।
আমি চাইনা আবার শিখণ্ডী হতে!
আমি চাইনা আর প্রতিশোধ নিতে
আমি চাইনা আর পূনর্জন্ম নিতে!
কারণ অম্বা থেকে শিখণ্ডী হওয়ার যে যাত্রা, 
তা সহজ ছিল না,সেটা ছিল বড়ই যন্ত্রণাময়
ভীষ্মকে জ্বালানোর আগে জ্বলন্ত অগ্নীতে -
স্বেচ্ছায়, স্বজ্ঞানে ঝাপ দিয়েছিলো অম্বা
সেই আগুনে জীবন্ত মাছের মতোই ছটফট করেছিল তার শরীর।
বিদ্রোহ করছিল,কিন্তু শরীর, সেতো মনের অধীন!
আর মন যখন আহত হয়, ব্যথিত হয়,আত্মগ্লানির অগ্নিশিখায় ভষ্মীভূত হয়।
তখন শরীরকে চুকাতে হয় তার মূল্য
আর সেটা শুধু ভয়ংকর নয়-
হয় ভয়ংকরতম!

তুমি শুধুই শিখণ্ডীর প্রতিশোধ দেখেছো,
হয়তো রেগে গেছো,মহাবীর ভীষ্মকে নিকেশ করেছে বলে, অথবা করেছো করুণা।
কিন্তু দেখনি তার হৃদয়ের বহমান স্রোত ধারা
সেই স্রোতের  বাঁকেবাঁকে বোনা অপূর্ণ স্বপ্নলোক। 
কিংবা দেখোনি এক সাগর রক্ত হয়ে কিভাবে ঢেউ তুলেছিল তার হৃদয়ে।
কিভাবে অশান্ত করেছিল প্রেমের শীতলতম জল ধারাকে।

অথবা সেযুগে সেনাপতি হয়েও শুধুমাত্র নারী জন্মের জন্য অহর্নিশ 
পিতার গঞ্জনা সয়ে যাওয়া এক বাধ্য, এক অসহায় মেয়েকে।
যে দ্রোপাদিকে দ্রোপদি হতে যুগিয়েছে অনুপ্রেরণা।
তুমি দ্রোপাদির দুঃখে কাতর হয়েছো!
গাল বেয়ে ঝরেছিল অশ্রুজল।
কিন্তু কখনো কি শিখণ্ডীর নারীত্ব, তার কোমলতা, তার মাধূর্য, তার নম্রতা, তার
তার শিক্ষা,তার দেশপ্রেম, তার পিতৃপ্রেম
আর অম্বার  প্রেমির প্রতি সমর্পণ কি  দেখেছো?
হয়তো না,দেখোনি।
 তবে যদি দেখো- তবে আমাকে আর
বাধ্য করোনা আবার শিখণ্ডী হতে।

আমি চাইনা আবার কুরুক্ষেত্র বাঁধুক
আমি চাইনা আবার বয়ে যাকে রক্তগঙ্গা।
আমি চাই শুধু সুন্দর নয় সুন্দরতম পৃথিবী
বাঁচতে চাই কোমলতায়,প্রেমে,ভালোবাসায়।
আমাকে বলোনা আবার শিখণ্ডী হতে
আমাকে আবার  বাধ্য করোনা  শিখণ্ডী হতে।।