শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
আল জাজিরা-র এক প্রতিবেদনে জানানো হয়, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো জানিয়েছেন, ইরান থেকে পাঠানো একটি চার্টার্ড বিমানের মাধ্যমে নিহত নাবিকদের মরদেহ ফেরত নেওয়া হবে। ইরানের দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ফ্রিগেট যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। এতে ৮৪ জন নাবিক নিহত হন। দুর্ঘটনার পর শ্রীলঙ্কা নৌবাহিনী ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করে। তারা আপাতত শ্রীলঙ্কাতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে জাহাজটি ডুবে যাওয়ার একদিন পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর-কে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। জাহাজটি এবং এর ২১৯ সদস্যের ক্রুকে নিরাপদ আশ্রয় দিয়েছে দেশটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুশেহর জাহাজটির দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে যাওয়ায় শ্রীলঙ্কা নৌবাহিনী সেটি মেরামতের চেষ্টা করছে। জাহাজটির ক্রুরা একটি ক্যাম্পে অবস্থান করছেন।
উদ্ধার হওয়া ৩২ নাবিকের মধ্যে ২২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং তাদের দ্বীপের দক্ষিণে একটি বিমানঘাঁটিতে রাখা হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কায় মোট ২৫১ জন ইরানি নাবিক অবস্থান করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরেকটি ইরানি জাহাজ শ্রীলঙ্কা অতিক্রম করে কোচি বন্দর-এ আশ্রয় নিয়েছে। জাহাজটির ১৮৩ জন ক্রু বর্তমানে ভারত-এর হেফাজতে রয়েছেন। শ্রীলঙ্কা ও ভারত উভয় দেশই জানিয়েছে, মানবিক কারণে ইরানি নাবিকদের আশ্রয় দেওয়া হয়েছে।
কী-ওয়ার্ড:ইরানি নাবিক নিহত,শ্রীলঙ্কা উপকূল হামলা,ইরান নৌবাহিনী