দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১৩ ২১:৫৭:৩৭
image

নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক পত্রে জানানো হয়, প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে।
আগামী ১৬ মার্চ তারেক রহমান কাহারোল উপজেলা-এ খাল খনন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।
একই সময়ে দেশের আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে।
এছাড়া নদী ও খাল পুনঃখননের ফলে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। এতে খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কী-ওয়ার্ড:নদী খাল খনন কর্মসূচি,২০ হাজার কিলোমিটার খনন,পানিসম্পদ পরিকল্পনা