আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১১ ২১:৫৯:৩০
image

দেশের আইনসভা বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ১২ মার্চ শুরু হচ্ছে। এদিন সকাল ১১টায় অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন। এটি ২০২৬ সালেরও প্রথম সংসদ অধিবেশন। সংসদীয় রীতি অনুযায়ী প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী নির্ধারণে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে অধিবেশনের সময়কাল ও কার্যসূচি নির্ধারণ করা হবে।
প্রথম বৈঠকে সরকারি দলের প্রধান কাজ হবে সরকার যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে চায় সেগুলো সংসদের সামনে উপস্থাপন করা। অন্তর্বর্তীকালীন সরকার তাদের ১৮ মাসের মেয়াদে মোট ১৩০টি অধ্যাদেশ জারি বা সংশোধন করেছে বলে জানা গেছে।
সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এ সংসদে তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিরোধী দলের নেতা হয়েছেন ডা. শফিকুর রহমান।
দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় প্রথম অধিবেশনে একজন জ্যেষ্ঠ বিএনপি নেতা সভাপতিত্ব করবেন বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। অধিবেশন শুরু হওয়ার পরপরই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন।
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর শপথগ্রহণের জন্য অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হতে পারে। পরে নবনির্বাচিত স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করবেন। একই বৈঠকে সংসদের কার্য উপদেষ্টা কমিটিও গঠন করা হবে, যার প্রধান থাকবেন নতুন স্পিকার।
এ অধিবেশনেই বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হতে পারে। পাশাপাশি প্রথম বৈঠকে সংসদে শোক প্রস্তাবও গৃহীত হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে দলটি একাই পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন।

কী-ওয়ার্ড:জাতীয় সংসদ অধিবেশন,রাষ্ট্রপতির ভাষণ,ত্রয়োদশ সংসদ