বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন ২০২৫-এ উত্থাপিত অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ১১ মার্চ এ সংক্রান্ত তথ্য জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদ-এর চেয়ারম্যানের অনুমোদনে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান-কে। পাঁচ সদস্যের এই কমিটিকে নিরপেক্ষভাবে অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কমিটিকে গঠনের তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে জমা দিতে বলা হয়েছে।
কী-ওয়ার্ড:বিসিবি নির্বাচন,তদন্ত কমিটি,ক্রীড়া মন্ত্রণালয়