ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১১ ২১:২১:৫০
image

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার ১১ মার্চ বিকেলে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। এজন্য আসন্ন বর্ষা মৌসুমের আগেই আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে।
প্রধানমন্ত্রী জানান, এ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। তিনি জাতীয় সংসদ সদস্যসহ সব স্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজ নিজ এলাকায় বসতবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালু থাকলে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া-এর মতো প্রাণঘাতী রোগ থেকে মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
দেশবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, এই দুই রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ সবাই সচেতন হলে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস মশার কামড়ে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়, তাই আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্ষা মৌসুমে অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত সময় ডেঙ্গুর প্রকোপ সাধারণত বেশি থাকে। তবে বর্তমানে এই রোগ নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নয় এবং বছরের যেকোনো সময় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
তিনি জানান, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার বংশবিস্তার হয় এবং তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশা জন্মাতে পারে। তাই ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ছাদ বা আশপাশের জায়গায় পানি জমতে না দেওয়া এবং পানির ট্যাংক ঢেকে রাখার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হলো প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই সবাইকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

কী-ওয়ার্ড:ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান,তারেক রহমান