মো শা হে দ চৌ ধু রী

  • কবিতারা বিবর্ণ ঘাস হয়ে যায়
  • ২০২৬-০৩-১১ ১১:০৬:৩৫
image

একটা সময় ছিল --
কবিতারা মাঠে দৌড়াত শিশিরভেজা পায়ে,
তাদের শরীরে মিশেছিল ঘাসের রং,
বাতাসে উড়ত প্রেম ও দ্রোহ,
দুচোখে আঁকত স্বপ্নের কাজল
আর কবিরা লিখত ভোরের আলোয় মুক্তির গান।

এখন চারদিকে কনক্রিটের দেওয়াল
রাজনীতির খোয়া বিছানো পথ -- লাল, গরম, নির্দয়।
তারই নিচে চাপা পড়ে আছে ছন্দ, উপমা, কল্পনা --
যেন বৃষ্টিহীন মাটিতে রোদে পোড়া বিবর্ণ ঘাস।
সবুজাভ উধাও রাতারাতি, রয়ে গেছে কেবল ধূসরতা।
 
বক্তৃতাবাজিতে হারিয়ে গেছে কবিতার স্বর,
টকশোর তুমুল তর্কে নিভে গেছে কাব্যের জোছনা।
যে কবি সত্য বলে, তাকে বলা হয় পক্ষপাতদুষ্ট ;
যে কবি চুপ করে থাকে তাকে গিলে খায় গোপন অভিসন্ধি। 

রাজনীতি নামক নিরেট পাথর শহরে
কবিতারা আজ ঘাসের মতো পদদলিত 
ভাষা ভাঙা, শেকড় শুকনো, চোখে কেবল দুঃস্বপ্ন।
তবু তারা মরে না পুরোপুরি --
কারণ কবিতার ভেতরে থাকে এক নরম বীজ,
যা প্রতিবার মাটির গভীরে ফিসফিসিয়ে বলে --
একদিন আলো আসবেই।

সেই দিন হয়তো আবার সবুজ হবে ঘাস,
রাজনীতি হারাবে তার স্বভাবসুলভ গাম্ভীর্য,
আর কবিরা লিখবে এমন এক কবিতা
যার প্রতিটি শব্দে জন্ম নেবে বিপ্লবী 
যেন পৃথিবী আবার বুক ভরে শ্বাস নিতে পারে কবিতার ছায়ায়।