রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যেই এই কর্মসূচির কাজ শুরু করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের সমর্থনে সরকার গঠন করার পরপরই দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের কাছে দেওয়া কথা রক্ষা করাই সরকারের দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী জানান, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রথম পর্যায়ে ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবারের কাছে আগামী পাঁচ বছরের মধ্যে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার একটি দায়িত্বশীল প্রশাসন হিসেবে জনগণ ও দেশের কল্যাণে কাজ করতে চায়। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেক রহমান আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি আগামী মাসে কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ শুরু করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের প্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের কাছেই জবাবদিহি করতে বাধ্য।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কী-ওয়ার্ড:ফ্যামিলি কার্ড,তারেক রহমান,সামাজিক সহায়তা কর্মসূচি