বরগুনা প্রতিনিধি :
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবিরসহ প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানি ও জীবননাশের হুমকির অভিযোগ করেছেন সোনিয়া আক্তার আঁখি নামের এক ভূক্তভোগী নারী। ঐ ভুক্তভোগী নারী সোনিয়া আক্তার আঁখি একই ইউনিয়নের আবু সালেহর স্ত্রী ও স্থানীয় পুরাকাটা ফেরিঘাট সংলগ্ন স্থানের একজন চায়ের দোকানী। জীবনের নিরাপত্তাসহ হয়রানির প্রতিকার চেয়ে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সোনিয়া আক্তার আঁখি সংবাদ সম্মেলন অভিযোগ করে বলেন, বুড়িরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তাদের জমিতে পরিত্যক্ত একটি ঘর চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরকে নির্বাচনীয় ক্যাম্প হিসেবে ব্যবহার করতে দিয়েছিলেন তিনি। নির্বাচনের পরে ঘরটি ফেরত দেওয়ার শর্ত থাকলেও বিজয়ী হওয়ার পরও ওই ঘর ফেরত না দিয়ে তিনি উল্টো দখল করে নিয়েছেন চেয়ারম্যান। ঘরটি বারবার ফেরত চাইলেও ফেরৎ না দিয়ে চেয়ারম্যান ও তার লোকজন আঁখি ও তার পরিবারকে জীবন নাশের হুমকি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে আঁখি আরো বলেন, ঘরটি ফেরত দেওয়ার মর্মে একটি চুক্তিনামায় আমার স্বাক্ষর নিয়ে উল্টো চেয়ারম্যান ঘরটি নিজের নামে করে নিয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে চেয়ারম্যান হুমায়ুন কবির ও স্থানীয় কামাল হাওলাদারসহ তাদের লোকজন আমাকে মারধর করে খুন জখমের হুমকি দিচ্ছে। এবিষয়ে আমি গত ৩ সেপ্টেম্বর বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরিও করেছি। তবুও কোন প্রতিকার পাচ্ছি না। এ কারণে গত ৫ সেপ্টেম্বর চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির ও বুড়িরচর গ্রামের ইসমাইল হাং এর ছেলে কামাল হাং কে আসামি করে আমি বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি ।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বুড়িরচর ইউনিয়নের ইউপি সদস্য মো.মায়নুদ্দী ময়না, ইউপি সদস্য ওয়াসিম, সাবেক ইউপি সদস্য ইসমাইল মৃধা প্রমূখ।
এ বিষয়ে বুড়িরচর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা বলে জানান। তবে এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন বিষয়টি খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।