অ না মি কা

  • নারী 'দি' 'বস'
  • ২০২৬-০৩-০৮ ১৮:১৯:২৭
image

কবি সুবোধ সরকারের 'বেহুলা' কবিতায় 'বেহুলা' পিএইচডি করে আমেরিকা ঘুরে এসেছিল-না, ভেলায় চড়ে সে আমেরিকা যায়নি-যেদিন সে বাড়ির অমতে বিয়ে করেছিল কোন সাপেও তাকে কামড়ায়নি-তাঁর মতে 'বেহুলার ঘুঙুর হল নারীর ক্ষমতায়ন'! 
কাজী নজরুল বলেছেন, "বিশ্বে যা- কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর-অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর"! 
ভাঙা-গড়ার খেলায় নারীই যে মূল ভিত্তি-সৃষ্টির অপার শক্তি! পৃথ্বীরূপী প্রকৃতির সাথে যে নাড়ীর টান আসলে সেই তো নারী-একটি পূর্ণ বৃত্ত যার এক-একটি বিন্দুতে রয়েছে স্নেহ, মমতা, প্রেম, বন্ধুত্ব, শ্রদ্ধা, বিশ্বাস আর আস্থা।
অরণ্যে নির্বাসিতা জনক দুহিতা, বস্ত্রখন্ডের বাঁধনে কপটান্ধ গান্ধারী, রূপান্তরকামী শিখণ্ডিনী অম্বা, পুরুষস্বভাবা বীরাঙ্গনা চিত্রাঙ্গদা, লাঞ্ছিত রজঃস্বলা পাঞ্চালী-মহাকাব্যের পাতায় জেগে আছে এমন শত সহস্র প্রকৃতির আত্মজা। 
মহাকাব্যের বুকে গাঁথা রয়েছে তাদের বিচিত্র জীবন উপাখ্যান। তাদের বুদ্ধিদীপ্ত সৌন্দর্য, বাঙ্ময় চাহনির নীরবতা, স্বতঃস্ফূর্ততার প্রাণোচ্ছলতা, বুদ্ধিমত্তার স্বতন্ত্রতা একান্ত তাদের নিজেদের ঐশ্বর্য। হয়তো তাদের কাজল কালো চোখের গভীরতা কাউকে ভাবিয়েছে, তাদের নির্ঝর হাসির কলতান কারোর বুকে ঢেউ তুলেছে, কারোর মূক নির্জনতায় হয়তোবা কেউ হারিয়ে গিয়েছে, আবার  বিদ্রোহের লোহিতধ্বজা উড়িয়ে  তাদেরই হয়তো কেউ নিজের ভাগ্যাতিহাস রচনা করেছে।
মহাকালের স্রোতে বয়ে চলা যুগান্তরব্যাপী সময় ভ্রুকুটি করে নারীকে বারংবার প্রশ্ন করেছে-'সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত তুমি তো কিচ্ছু চাওনি-কোনো প্রতিদান, বিনিময়, এমনকি শুভেচ্ছা পর্যন্ত না-চেয়েছো শুধু এক টুকরো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস আর নিঃশর্ত ভালোবাসা❤️। সেই নূন্যতম প্রত্যাশাটুকু কি খুব বেশি চাওয়া ছিল? সেটুকুই কি সেযুগের নারীকে আজকের নারীকে রূপান্তরিত করেছে? 
যে নারীর নিজস্ব কিছু নেই বলে 'নিঃস্ব' তকমা এঁটে দেওয়া হয় সেই নারী ছাড়াই সংসার হয় অসম্পূর্ণ, গোত্র থেকে গোত্রান্তর হয়ে পিতৃগৃহের লক্ষ্মী হয় স্বামীর ঘরের অন্নপূর্ণা। জগদ্ধাত্রী নারী গর্ভে ধারণ করে হয় জগতের জন্মদাত্রী-যার পদতলে শায়িত থাকেন মহাকাল চিরকাল। সেই অদম্য, অপরাজেয় নারীই আজকের দিনে নিজের মতো করে বাঁচার স্বপ্ন দেখে। বিধাতার এই দুর্লভ মায়াবী সৃষ্টি তার বহু যুগের চাপা অনুভূতিগুলি ছাড়পত্র পাবে বলে আজ নতুন করে বিশ্বাস করে। লজ্জা ও সজ্জার আবরণে, অর্ধেক মানবী, অর্ধেক কল্পনায় সৃষ্ট এই মানসী তার জ্বালাময়ী দীর্ঘশ্বাসে আরো একবার জানাতে চায়-'কাউকে বশ করার জন্য নিজেকে শেষ করার আর প্রয়োজন নেই'! আজকের দিনে নারীই 'দি' 'বস'!! ????